দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবানন কাঠামোগত চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১০ জুলাই) সকালে নাবাতিয়েহ জেলার শৌকিন ও কফর দাজ্জাল শহরের মধ্যবর্তী এলাকায় একটি পিকআপ ভ্যানে হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, আবর্জনা নামানোর সময় ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি পিকআপ ভ্যানটিতে আঘাত হানে। এছাড়া দক্ষিণ লেবাননের আরও কয়েকটি এলাকায় পৃথক ড্রোন হামলা ও সীমান্তবর্তী খিয়াম শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে কফর রেমান ও নাবাতিয়েহ আল-ফাওকাতেও ড্রোন হামলার খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গত মার্চে লেবাননে চালানো তিনটি ইসরায়েলি হামলার তদন্ত করে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ৬, ১২ ও ১৩ মার্চ টায়ার, সাইদা ও নাবাতিয়েহ জেলায় আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত ২৪ বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে ১২ শিশু ও ছয় নারী ছিলেন। আহত হন আরও অন্তত ১৮ জন।
অ্যামনেস্টির দাবি, ইসরায়েলি বাহিনী সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য না করেই হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল। সংস্থাটি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত চুক্তি হলেও এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বাধ্যবাধকতা নেই। ফলে প্রয়োজন মনে করলে হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৩২১ জন নিহত এবং ১২ হাজার ২০৪ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
এমএস/